কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠান নিয়ে দ্বন্দ্ব: মনিরুল হক চৌধুরীর ভাড়া নেওয়া তারিখে ইয়াছিনের সমর্থকদের কর্মসূচি স্থগিতের আশঙ্কা
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা টাউন হল মাঠে রাজনৈতিক কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। বিএনপি নেতা আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা আজ বিকেলে ৩১ দফা প্রচার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করতে চাইলেও মাঠ ব্যবহারের অনুমতি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
পুলিশ জানিয়েছে, টাউন হল মাঠটি ইতোমধ্যে ২০, ২১ ও ২২ তারিখের জন্য ভাড়া নিয়েছেন কুমিল্লা-৬ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো দল বা ব্যক্তিকে একই মাঠে অনুষ্ঠান করতে দেওয়া সম্ভব নয়।
এ বিষয়ে আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থক যুবদল নেতা সাজ্জাদ জানান, “আমরাও যথাযথ প্রক্রিয়ায় মাঠ ব্যবহারের অনুমতির জন্য আবেদন করেছি। আমাদের কর্মসূচি রাজনৈতিক নয়, দোয়া ও ৩১ দফা প্রচার সংক্রান্ত শান্তিপূর্ণ আয়োজন ছিল। তারপরও অনুমতি না পাওয়ায় আমরা হতাশ।”
তিনি আরও বলেন, “আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পুনর্বিবেচনা করুক, যাতে শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠানটি করার সুযোগ মেলে।”
এদিকে মনিরুল হক চৌধুরীর পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত বরাদ্দ অনুযায়ী মাঠটি তিন দিনব্যাপী বিভিন্ন গণসংযোগ, মতবিনিময় সভা ও সাংগঠনিক কার্যক্রমের জন্য আগেই নিশ্চিত করা হয়েছে।
মাঠ ব্যবহার নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন হওয়ায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।



মতামত