কুমিল্লার দুই নদীর মৃত্যু–যন্ত্রণা: ইপিজেডের দূষণে নাজেহাল দক্ষিণাঞ্চলের মানুষ
স্টাফ রিপোর্টার
কুমিল্লার দুটি ঐতিহ্যবাহী নদী—ডাকাতিয়া ও গুইঙ্গাজুরী—আজ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লা ইপিজেড থেকে নির্গত দূষিত ও বিষাক্ত বর্জ্যপানির কারণে নদী দুটির পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
একসময় এই দুই নদী ছিল এলাকার মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। নদীর পানি রান্নাবান্না, গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন গ্রামের মা-চাচিরা। শিশু-কিশোরদের মাঠ-ঘাট পেরিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে লাফালাফি করার দৃশ্য ছিল প্রতিদিনকার। আজ সেই নদীর পাড়েই দাঁড়ানো দুঃসহ হয়ে উঠেছে দুর্গন্ধের কারণে।
স্থানীয়দের অভিযোগ, নদীর বিষাক্ত পানির প্রভাবে বিভিন্ন চর্মরোগসহ নানা ধরনের অসুস্থতায় ভুগছেন এলাকাবাসী। বিষাক্ত পানি কৃষিকাজেও বিরূপ প্রভাব ফেলছে। আগে সেলু মেশিন দিয়ে নদীর পানি তুলে চাষাবাদ হতো, আজ সেই জমি হাজার হাজার বিঘা অনাবাদি পড়ে আছে।
এছাড়া প্রকৃতির বিস্ময় নদীর মাছ এখন প্রায় বিলুপ্ত। একসময় যেখানে বাজারে সহজেই নদীর প্রাকৃতিক মাছ পাওয়া যেত, এখন সেখানে কেবল চাষের মাছই ভরসা। নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা শত শত পরিবার আজ কর্মহীন।
বিশ্বের কোনো দেশেই শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে ফেলতে দেওয়া হয় না—অবশ্যই আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট ব্যবহারের বাধ্যবাধকতা থাকে। অথচ দেশে বিদেশি কোম্পানিগুলো কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেই নিয়ম না মেনেই পরিবেশ ধ্বংস করছে, মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, প্রাকৃতিক সম্পদ নিঃশেষ করছে এবং কম খরচে লাভবান হচ্ছে।
অভিযোগ রয়েছে, সাধারণ মানুষ ছোট একটি ফার্ম করতে গেলেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া পারে না—অন্যথায় জরিমানার মুখে পড়তে হয়। কিন্তু ইপিজেডের বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা নিয়ে তাদের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না।
স্থানীয়দের দাবি, লাকসাম-নবীনগরসহ কুমিল্লা দক্ষিণাঞ্চলের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সামান্য সদিচ্ছা ও উদ্যোগ থাকলেই এই মানবিক বিপর্যয় দূর করা সম্ভব ছিল। জনগণের সেবার সুযোগ পেয়ে সেই দায়িত্ব তারা পালন না করলে ইতিহাস এবং সৃষ্টিকর্তার কাছে এর জবাবদিহি একদিন করতেই হবে।
দক্ষিণাঞ্চলের মানুষ আজ একটি প্রশ্নের উত্তর খুঁজছে—নদীর এই মৃত্যুর দায় কে নেবে?







মতামত