কুমিল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা–ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর উপজেলার আদর্শ সদর থানাধীন পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা–ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বসন্তপুর গ্রামের কামাল। এর জেরে প্রতিবেশী বিল্লাল সকালে তার ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে ঘটনাস্থলেই মারা যান কামাল।
চিৎকার শুনে এগিয়ে আসলে বিল্লাল কামালের মা–কেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় কামালের মায়ের পেট ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও স্থানীয়রা বিল্লালকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং হামলাকারী বিল্লালকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নিহত মা–ছেলের মৃত্যুর ঘটনায় পাঁচথুবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।



মতামত