নওগাঁ জেলা থেকে বিদায় নেওয়ার আগে জেলার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গত এক বছরে জেলা পুলিশের সব সদস্যকে সঙ্গে নিয়ে অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কর্মকাণ্ডের মূল্যায়ন নওগাঁবাসীর ওপর ছেড়ে দিয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিদায়বার্তায় তিনি এসব কথা বলেন।
বিদায়বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘প্রিয় নওগাঁবাসী, আসসালামু আলাইকুম। বিদায় নওগাঁ জেলা। নিজের সর্বস্বটুকু দিয়ে জেলা পুলিশের সবাইকে নিয়ে অপরাধ প্রতিরোধে গত এক বছর নেতৃত্ব দিয়েছি। কতটুকু করতে পেরেছি, সে বিচারের ভার আপনাদের।’
তিনি জানান, দায়িত্ব পালনকালে নওগাঁ জেলায় সড়কে ডাকাতি প্রতিরোধ, ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন, অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ন্ত্রণ, ‘শয়তানের নিঃশ্বাস’ দমন, পুলিশ চেকপোস্ট স্থাপন, নওগাঁ শহরে ডিজিটাল সার্ভিল্যান্স সিস্টেম চালু, ই-প্রসিকিউশন ব্যবস্থা প্রবর্তন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কাজ করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, তাঁর সময়ে নেওয়া এসব উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন পুলিশ সুপার আরও এগিয়ে নিয়ে যাবেন।
বিদায়বার্তায় তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে সাধারণ মানুষ, সাংবাদিক, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। নওগাঁবাসীর ভালোবাসা তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন। এ জন্য জেলার সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নওগাঁবাসীর উদ্দেশে তিনি বলেন, সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনিও নওগাঁর সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। প্রয়োজনে যোগাযোগের জন্য নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর ও ফেসবুক আইডিও উল্লেখ করেন।
বিদায়বার্তার শেষাংশে তিনি বলেন, ‘ভালো থাকুক, নিরাপদ থাকুক ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ সুজলা-সুফলা নওগাঁর জনগণ। নওগাঁ জেলার মাটি ও মানুষের ভালোবাসায় ধন্য।’
মোহাম্মদ তারিকুল ইসলাম
বিদায়ী পুলিশ সুপার, নওগাঁ।
মতামত