দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন মামার বিরুদ্ধে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ভাগিনার এক হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাগিনার শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ভোগনগর ইউনিয়নের পশ্চিম কালাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগ ইসলাম ওই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
আহত সোহাগ ইসলামের অভিযোগ, তাঁর বড় মামা আশরাফুল ইসলাম ও ছোট মামা বাবু তাঁদের বাড়ির গোবরের স্তূপ থেকে গোবর নিয়ে নিজেদের জমিতে ব্যবহার করছিলেন। এ সময় তিনি গোবর নেওয়ার প্রতিবাদ করলে দুই মামার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামাদের পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত হয়ে তাঁকে, তাঁর মা ও বোনকে এলোপাতাড়ি মারধর করেন।
সোহাগের ভাষ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে ওই অবস্থায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাঁর এক হাত কেটে দেওয়া হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম ও তাঁর ছোট ভাই বাবুর সঙ্গে কথা হলে তাঁরা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। তাঁদের বক্তব্য, সোহাগ তাঁদের কাছে জমি পেলে তাঁরা তা ছেড়ে দেবেন। এ জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে। তবে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে তাঁরা স্বীকার করেন।
এদিকে ঘটনার বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামা-ভাগিনার দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহাগ ইসলাম আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ ইসলাম বলেন, তাঁর মামাদের কাছ থেকে তিনি চার শতাংশ জমি পাওনা রয়েছেন। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমির বিরোধকে কেন্দ্র করেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কান্নাজড়িত কণ্ঠে সোহাগ বলেন, “আমি আমার পাওনা চার শতাংশ জমি চাই। আমার ওপর যে অন্যায় ও নির্যাতন করা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিতে চাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
একটি জমির বিরোধকে কেন্দ্র করে আপন মামা-ভাগিনার এমন সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
মতামত