দীর্ঘ দেড় মাসের অপেক্ষার অবসান ঘটেছে। পদ্মা নদীর তীব্র নাব্যতা সংকটে টানা ৪২ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল।
বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফেরি ‘ক্যামেলিয়া’র পরীক্ষামূলক (ট্রায়াল) যাত্রার মধ্য দিয়ে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। গুরুত্বপূর্ণ এ নৌপথটি আবারও সচল হওয়ায় দুই অঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের অন্যতম সহজ ও গুরুত্বপূর্ণ মাধ্যম জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। এ রুট দিয়ে প্রতিদিন যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়ে থাকে। কিন্তু পদ্মা নদীতে নাব্যতা সংকট দেখা দেওয়ায় গত ১২ অক্টোবর দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দীর্ঘ ৪২ দিন ধরে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হয়।
ফেরি চলাচল স্বাভাবিক করতে করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দীর্ঘ কয়েক সপ্তাহের কর্মযজ্ঞ শেষে গত ২৪ নভেম্বর ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হয়। নদীর নাব্যতা ফিরিয়ে আনার কাজ শেষ হওয়ায় নৌপথটি ফেরি চলাচলের উপযোগী বিবেচনা করে বুধবার থেকে ফেরি চালুর সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ফেরি ক্যামেলিয়ার ট্রায়াল যাত্রা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হলো জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। ফলে এ নৌপথনির্ভর যাত্রী, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
বিআইডব্লিউটিসি জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ সিবলী বলেন, প্রায় দেড় মাস বন্ধ থাকার পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ট্রায়াল যাত্রার মধ্য দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। নদীতে নতুন করে কোনো সমস্যা তৈরি না হলে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। এখন থেকে এ নৌরুট ব্যবহারকারী যাত্রীদের আর কোনো ভোগান্তি হবে না বলে আশা করছি।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ৪২ দিন পর এ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় রাজবাড়ী ও পাবনাসহ দুই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি পণ্য পরিবহন ও আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে ভবিষ্যতে নাব্যতা সংকটের পুনরাবৃত্তি রোধে নদীর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।
মতামত