ডিসেম্বর বিজয়ের মাস। প্রতিবছর এ মাসে রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে ঘিরে দলটির পক্ষ থেকে ‘লকডাউন’সহ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, সহিংসতা, আগুনের ঘটনাও ঘটেছে। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এ পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সরকার ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে।
সরকারের তৎপরতার পাশাপাশি রাজপথে আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিকেও সক্রিয় করার কৌশল নেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী ৪০ দিনের কর্মসূচি পালন করছে।
সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। বিদেশি কূটনীতিকদেরও দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে সরকার।
সরকার ও রাজনৈতিক দলগুলোর সূত্র বলছে, এখন পর্যন্ত নাশকতা ও আওয়ামী লীগের তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সফল হতে পারেনি। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো রাজপথে সক্রিয় থাকলে সুবিধা করতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
সব মিলিয়ে এবারের বিজয়ের মাসে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি শুধু বিজয় উদ্যাপনে সীমাবদ্ধ থাকছে না। রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখা এবং আওয়ামী লীগকে আরও চাপে ফেলা যাবে।
আজ বৃহস্পতিবার বিএনপির কর্মসূচি ঘোষণার সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১ ডিসেম্বর থেকে গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এরপর ধাপে ধাপে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী এসব কর্মসূচিতে অংশ নেবেন এবং নেতা-কর্মীদের অনুপ্রাণিত করবেন বলে জানান তিনি।
বিজয়ের মাসে বড় সমাবেশ করবে বিএনপি
বিজয়ের মাসের প্রথম দিন আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের মধ্য দিয়ে দলটির মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান রিজভী। সমাবেশের প্রস্তুতি নিতে আয়োজিত সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।
বিএনপির দলীয় সূত্র বলছে, প্রতিবারই বিএনপি ডিসেম্বর মাসে বেশ কিছু কর্মসূচি নিয়ে থাকে। তবে বেশির ভাগই ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসসহ কয়েকটি কর্মসূচিতে সীমাবদ্ধ থাকে। এবার কর্মসূচিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংগঠন রাজপথে থাকে। এ ছাড়া বেশির ভাগ কর্মসূচি মিলনায়তনকেন্দ্রিক না করে সড়ক বা ময়দানে করার পরিকল্পনা আছে। বিএনপি ও দলটির সব কটি অঙ্গসংগঠনের আলাদা আলাদা দিনে কর্মসূচি রাখা হয়েছে।
বিএনপির নেতারা বলছেন, দেখলে মনে হবে প্রতিটি কর্মসূচি দিবসকেন্দ্রিক। তবে মূল লক্ষ্য হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের এই বার্তা দেওয়া যে কোনো রকম নাশকতা বা জমায়েত হওয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে।
বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে সমাবেশ, আলোচনা সভা, মিছিল-শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিজয়ের মাসের কর্মসূচির বাইরে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসের কর্মসূচি রাখা হয়েছে। ১০ ডিসেম্বর থাকবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচি। গত বছর ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরেন। এই দিনটি তারেক রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস হিসেবে কর্মসূচি পালন করবে বিএনপি। গত বছর ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে স্মরণসভাসহ নানা কর্মসূচি থাকবে। এ ছাড়া ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে ১৬ থেকে ১৯ ডিসেম্বর ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতা চালানো হচ্ছে।
জাতীয় ও রাজনৈতিক কর্মসূচি জামায়াতের
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে গত ১৯ নভেম্বর ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। ২১ নভেম্বর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
২৫ নভেম্বর একই দাবিতে ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল করে জামায়াত। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের মহিলা বিভাগের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম চালাবে দলটি। জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোও কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে।
২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে জামায়াত। পরদিন আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল করার কর্মসূচি রয়েছে।
ডিসেম্বরে পোশাকশিল্পের সংকট, স্বৈরাচার পতন ও তত্ত্বাবধায়ক সরকার দিবস, দুর্নীতিবিরোধী দিবস এবং মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করবে দলটি। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে।
বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী বিজয় শোভাযাত্রা করবে জামায়াত। এ ছাড়া শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৯ থেকে ২৩ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করবে দলটি। ২৬ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে বরাবরই বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে জামায়াতে ইসলামী অস্বস্তিতে থাকত। সে জন্য বিজয়ের মাস ঘিরে দলটির তেমন কর্মসূচি থাকত না।
২০২৪ সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার বছরে ১৬ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ও শোভাযাত্রা করেছিল জামায়াত। গত বছর শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করে দলটি। তবে এবার ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
জামায়াতের দলীয় সূত্র বলছে, এবার বৃহৎ আয়োজনের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতাসহ নানা তৎপরতা মূল ভূমিকা রেখেছে। এ ছাড়া জামায়াত এখন ধীরে ধীরে বিজয়ের মাসে কর্মসূচি বাড়িয়ে অস্বস্তি এড়াতে চায়।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করে জামায়াতও রাজপথে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদীদের নৈরাজ্য প্রতিরোধ করা হবে। এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোতেও দলের কর্মসূচি রয়েছে।
আওয়ামী লীগকে ঠেকাতে রাজপথে এনসিপি
২০২৪ সালে ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে সম্মুখসারির নেতাদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে। দলটির নেতারা আওয়ামী লীগকে এখনো তাদের প্রধান প্রতিপক্ষ বিবেচনা করে। এ ছাড়া চলতি মাসে দলটির বেশ কয়েকজন নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাই আওয়ামী লীগকে ঠেকাতে তৎপর হয়েছে দলটি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কর্মসূচি ঘিরে নাশকতার ঘটনা ঘটলেও শুরুতে এনসিপি সেভাবে সক্রিয় ছিল না। দলটির নেতাদের ধারণা ছিল, সরকার ও আওয়ামী লীগের বোঝাপড়ার মাধ্যমে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ হচ্ছে। তবে ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এনসিপি ও দলটির সহযোগী সংগঠনের আট নেতা আক্রান্ত হয়েছেন। তাঁদের কারও গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কাউকে চাপাতি নিয়ে হামলা করা হয়েছে। কেউ হত্যার হুমকি পেয়েছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডনে হেনস্তার শিকার হয়েছেন।
এসব ঘটনার পর আওয়ামী লীগের কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে নেয় এনসিপি। ১৯ নভেম্বর জরুরি বৈঠকে বসে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ। বৈঠক শেষে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে টানা কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
আওয়ামী লীগ ঠেকাতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয় দলটি। পাঁচ দাবিতে এসব কর্মসূচি হচ্ছে। দাবিগুলো হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
এরই মধ্যে মাঠে নেমেছে এনসিপি। ২৪ নভেম্বর আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত বার্তা দিতে ঢাকার সড়কে দীর্ঘ মোটরসাইকেল শোভাযাত্রা করে দলটি। এতে শতাধিক মোটরসাইকেল ছিল। দলের জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ অনেকে এতে অংশ নেন।
মতামত