নেত্রকোণার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের ইউএনওর কক্ষসহ কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ছবিতে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলার একাধিক কক্ষে একসঙ্গে আগুন জ্বলছে। জানালা দিয়ে আগুনের লালচে শিখা বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভোরের অন্ধকারে পুরো ভবনটি আগুনের আলোয় আলোকিত হয়ে ওঠে।
অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
সরকারি নথিপত্র, আসবাবপত্রসহ কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন। এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মতামত