নওগাঁর পোরশা উপজেলায় প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। পাকা ধান কেটে মাঠে রাখার পর বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে পানি জমে থাকায় কাটা ধান শুকানো ও মাড়াই করতে পারছেন না তাঁরা। ফলে সারা বছরের পরিশ্রমে ফলানো ফসল ঘরে তোলার শেষ সময়ে এসে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের পর বছর শ্রম, সময় ও অর্থ ব্যয় করে তাঁরা ধান উৎপাদন করেন। ধারদেনা ও উৎপাদন খরচের চাপ সামলে যখন ফসল ঘরে তোলার প্রস্তুতি, ঠিক তখনই বৃষ্টির কারণে দেখা দিয়েছে নতুন বিপদ। মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে থাকায় অনেক কৃষক সময়মতো শুকানো ও মাড়াই করতে পারছেন না।
এদিকে দীর্ঘ সময় ভেজা অবস্থায় পড়ে থাকলে ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার ভয় তাঁদের।
কৃষকদের কাছে ধান শুধু একটি ফসল নয়, এটি তাঁদের সারা বছরের স্বপ্ন, পরিশ্রম এবং পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। সেই স্বপ্নের ফসল ঘরে তোলার মুহূর্তে প্রকৃতির বিরূপ আচরণ তাঁদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
এ অবস্থায় দ্রুত বৃষ্টি থেমে রোদ ওঠার প্রত্যাশা করছেন পোরশার কৃষকরা। পাশাপাশি মাঠে পড়ে থাকা কাটা ধান নিরাপদে ঘরে তোলা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষি বিভাগ ও প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
কৃষকদের এই দুর্দশা লাঘবে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। কারণ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।
মতামত