খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে ব্যাংকগুলোকে ‘বিশেষ এক্সিট’ সুবিধা ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় নির্ধারিত শর্তে ঋণগ্রহীতাদের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করে এককালীন ঋণ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি ঋণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ের জন্য গত ২৯ জুন ‘অনাদায়ি ঋণ আদায় বা সমন্বয়ে বিশেষ এক্সিট–সংক্রান্ত নীতিমালা’ জারি করা হয়েছিল। ওই নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাংক খাতে বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে বিশেষ এক্সিট সুবিধা বাস্তবায়নে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। এটি ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
বিশেষ এক্সিট সুবিধা কীবিশেষ এক্সিট এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে নির্দিষ্ট শর্তে খেলাপি ঋণগ্রহীতা ব্যাংকের সঙ্গে সমঝোতা করে এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণের দায় নিষ্পত্তি করতে পারেন। এ ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদ মওকুফের সুবিধা দিতে পারে। তবে ঋণগ্রহীতাকে সমঝোতার মাধ্যমে নির্ধারিত দায় এককালীন পরিশোধ করতে হবে।
গত ২৯ জুন বাংলাদেশ ব্যাংক বিশেষ এক্সিট সুবিধা দিয়ে নীতিমালা জারি করে। ওই দিনই প্রথম আলোতে ‘খেলাপি ঋণ কমাতে বিশেষ “এক্সিট” সুবিধা, সুদ মওকুফে বড় ছাড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, মন্দ বা ক্ষতিজনক মানের খেলাপি ঋণের আসল টাকা এককালীন পরিশোধ করে দায়মুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ব্যাংকঋণের ওপর আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের আগের কঠোর শর্তগুলো শিথিল করা হয়েছে। মূলত ব্যাংকগুলোর অনাদায়ি ঋণ কমিয়ে আনা এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন ভিত্তি তারিখে মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণিভুক্ত ঋণগুলোকে বিশেষ এক্সিট সুবিধার আওতায় আনা যাবে। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে এ সুবিধা দেওয়া যাবে। ওই নীতিমালায় আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের ক্ষেত্রে বিদ্যমান কিছু শর্ত শিথিল করা হয়। আগে সুদ মওকুফের ক্ষেত্রে ব্যাংকের তহবিল ব্যয় আদায় নিশ্চিত করার বাধ্যবাধকতা ছিল। বিশেষ এক্সিট সুবিধার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়েছে।
ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো নির্ধারিত শর্তে ঋণগ্রহীতাদের সুদ মওকুফ করে এককালীন ঋণ নিষ্পত্তির সুযোগ দিতে পারবে। তবে এটি সব খেলাপি ঋণগ্রহীতার জন্য স্বয়ংক্রিয় সুবিধা নয়।
কারা পাবেন এ সুবিধাবাংলাদেশ ব্যাংকের ২৯ জুনের নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন ভিত্তি তারিখে যেসব ঋণ মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণিভুক্ত ছিল, সেগুলো বিশেষ এক্সিট সুবিধার আওতায় আসতে পারবে। এ ছাড়া ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত যেসব মন্দ বা ক্ষতিজনক মানের ঋণ পুনঃ তফসিল করা হয়েছে, সেগুলোও বিশেষ এক্সিট সুবিধার জন্য বিবেচিত হবে।
বিশেষ এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্পের ঋণকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ফলে যোগ্য বড় ঋণগ্রহীতাদের পাশাপাশি ছোট উদ্যোক্তা ও কৃষি খাতের ঋণগ্রহীতাদের জন্যও এ সুবিধা প্রযোজ্য।
মতামত