চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গিয়ে ২০ থেকে ২৫ জন কৃষক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অপহরণের প্রায় ২৪ ঘণ্টা পর মুঠোফোনে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরই মধ্যে এক কৃষকের স্বজন দুই দফায় ৮০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন। তবে টাকা পাঠানোর পরও তাঁর স্বামীসহ অপহৃত ব্যক্তিদের মুক্তির কোনো খবর পাওয়া যায়নি।
অপহৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়নাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)। তাঁরা সবাই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোয়ারপাড়া ও চত্তর মার্কেট এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল পাহাড়ে বাগানের কাজে যাওয়া কৃষকদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের পাহাড়ের গভীর এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে মোহাম্মদ তাজুল নামের এক কৃষক গুরুতর আহত হন। কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিদের হাত বেঁধে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
অপহৃত জয়নাল আবেদিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামীকে পাহাড়ি সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। ২৪ ঘণ্টা পর তারা মুঠোফোনে মুক্তিপণ দাবি করে। আমি দুই দফায় ৮০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছি। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত আমার স্বামীর মুক্তির বিষয়ে কোনো খবর পাইনি।
বিষয়টি গণমাধ্যম বা পুলিশকে জানালে তার স্বামীর ক্ষতি হতে পারে বলেও তাকে ভয় দেখানো হয়েছে। স্বামীর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে তিনি চরম উদ্বেগে রয়েছেন।
পালিয়ে আসা এক কৃষক জানান, তারা নিয়মিত ওই পাহাড়ি এলাকায় চাষাবাদের কাজ করেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার পথে সশস্ত্র ব্যক্তিরা তাদের জিম্মি করে নিয়ে যায়। তার ধারণা, এখনো ২০ থেকে ২৫ জন কৃষককে আটকে রাখা হয়েছে।
অপহৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মুঠোফোনে তাঁদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। কয়েকটি পরিবার টাকা পাঠালেও অপহৃত ব্যক্তিদের মুক্তির বিষয়ে কোনো নিশ্চয়তা পায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই মাস আগেও হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকা থেকে কয়েকজনকে অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। পাহাড়ি এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। সর্বশেষ ঘটনায় কৃষক ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। পুলিশের একটি বিশেষ দল ঘটনাটি নজরদারিতে রেখেছে।
মতামত