চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নুরুল আবছার (২২) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাত দিন পর দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার রাতে সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকার মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)।
র্যাব-৭ জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায় দুই মাস আগে নুরুল আবছারের সঙ্গে তার স্ত্রী নাজমা আক্তারের বিরোধ হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। তাদের ১৪ মাস বয়সী সন্তান আব্দুল্লাহ ছিল আবছারের বাবার কাছে। শিশুটিকে দুই লাখ টাকায় অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ আরও বাড়ে।
গত ১০ নভেম্বর রাত ১০টার দিকে কয়েকজন মুঠোফোনে ডেকে নুরুলকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরদিন বিকেলে চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাত বাঁধা ছিল। এ ঘটনায় নুরুলের বাবা আব্দুর রহিম বাদী হয়ে ১১ নভেম্বর কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, নুরুল আবছারকে শ্বাসরোধে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার মামলায় সাত দিন পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত