রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ডিআইজি মোঃ আশিক সাঈদ।
এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান।
প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি। বক্তব্যে তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের প্রতিটি কর্মকাণ্ডে মানবিকতা, দায়িত্বশীলতা ও সেবার মানসিকতার প্রতিফলন ঘটাতে হবে। জনগণের আস্থা অর্জন এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে ডিআইজি নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা, গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতামত