ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার কয়েকটি ইউনিয়ন পৃথক করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের বাসিন্দারা।
সোমবার (২ নভেম্বর) সকালে প্রস্তাবের বিরোধিতা করে চার ইউনিয়নের বাসিন্দারা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অভিমুখে পদযাত্রা ও ঘেরাও কর্মসূচি পালন করেন।
প্রস্তাবিত নতুন উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এবং আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ প্রস্তাবের প্রতিবাদে বিক্ষুব্ধ বাসিন্দারা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
পরে আন্দোলনকারীদের একটি বড় অংশ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে প্রস্তাবিত উপজেলা গঠনের উদ্যোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানান।
একপর্যায়ে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রস্তাবটি বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রতি সংহতি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
অন্যদিকে, প্রস্তাবিত উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলাগুলো থেকে নিজেদের ইউনিয়নগুলোকে বিচ্ছিন্ন করতে চান না। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
মতামত