ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ‘বরিশাল উপজেলা’ গঠনের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াত। একই সঙ্গে প্রস্তাবিত এ উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মো. মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা একটি চিঠির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে ‘বরিশাল উপজেলা’ গঠনের কার্যক্রম শুরুর বিষয়টি জানা যায়।
জেলা জামায়াতের নেতারা বলেন, নতুন উপজেলা গঠন কিংবা প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, সামাজিক বন্ধন ও ঐতিহাসিক ঐতিহ্য বিবেচনায় নেওয়া জরুরি। কিন্তু সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত ও দীর্ঘদিনের ঐতিহ্য উপেক্ষা করে চারটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে নতুন উপজেলা গঠনের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ উদ্যোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছেন। জামায়াতে ইসলামী এ আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের নেতারা অবিলম্বে প্রস্তাবিত ‘বরিশাল উপজেলা’ গঠনের উদ্যোগ বাতিলের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট চার ইউনিয়নের মানুষের ন্যায়সংগত দাবির প্রতি সংহতি প্রকাশ করে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার করেন।
এদিকে, এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার জেলা কর্মপরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রস্তাবিত উপজেলা গঠনের উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।
মতামত