নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট ডিউটির রোস্টার তৈরি নিয়ে বিরোধের জেরে এক সিনিয়র স্টাফ নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর দুই সহকর্মীর বিরুদ্ধে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এতে আহত নার্স শাহানাজ পারভিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে রাতের ডিউটির রোস্টার তৈরি নিয়ে সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভিনের সঙ্গে সহকর্মী শিল্পী আক্তারের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ঘটনার দিন শিল্পী আক্তারের বোন ও একই হাসপাতালের নার্স লিপি আক্তার বাসা থেকে হাসপাতালে আসেন। অভিযোগ রয়েছে, এরপর দুই বোন মিলে কর্তব্যরত অবস্থায় শাহানাজ পারভিনকে মারধর করেন। তাঁর চিৎকার শুনে অন্য সহকর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী নার্স শাহানাজ পারভিন বলেন, ডিউটি নিয়ে সামান্য কথাকাটাকাটি হতেই পারে। কিন্তু লিপি বাসা থেকে এসে বোনের সঙ্গে যোগ দিয়ে তাঁকে এভাবে মারধর করবেন, তা তিনি ভাবতেও পারেননি। তাঁর চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই বোন শিল্পী ও লিপি আক্তার। তাঁদের দাবি, শাহানাজ প্রায়ই তাঁদের কটাক্ষ ও গালাগাল করতেন। ঘটনার দিন এ বিষয়ে জানতে চাইলে শাহানাজই প্রথমে তাঁদের ওপর চড়াও হন। পাশাপাশি শাহানাজের বিরুদ্ধে এক ভরি ওজনের দুটি সোনার বালা ও আট আনার একটি সোনার চেইন ছিনিয়ে নেওয়ার পাল্টা অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তাঁরা।
ঘটনার সময় দায়িত্বে থাকা নার্স শিরিন আক্তার জানান, মারামারির সময় তিনি সরাসরি উপস্থিত ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরেছেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত এবং তাঁরা ঘটনার নিন্দা জানিয়েছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় হাসপাতালের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি তদন্তে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ডা. আসাদুজ্জামান নাহিদ জানান, তদন্তের কাজ দ্রুতগতিতে চলছে। আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
সরকারি হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে সহকর্মীদের মধ্যে এমন সহিংসতার অভিযোগে হাসপাতালের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তিন দিন পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে। এখন তদন্ত প্রতিবেদন ও সুষ্ঠু বিচারের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয়রা।
মতামত