নওগাঁর ধামইরহাটে ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসি-ড্রট) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাকস ফাউন্ডেশন, সবুজ নগর, জয়পুরহাটের বাস্তবায়নে, পিকেএসএফের সহযোগিতায় এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এ চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জহুরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার দায়িত্বও সবাইকে নিতে হবে।
আলোচনা শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। এতে মোট ৩০০টি চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হাসান রোজ, ফরহাদ হোসাইন (প্রকল্প হিসাবরক্ষক), অনিক মাহমুদ, মনজুরুল ইসলাম (প্রকল্প কৃষি কর্মকর্তা), শহিদুল ইসলাম সবুজ (প্রশিক্ষক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), নজরুল ইসলাম ও আব্দুস সালামসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মতামত