১৩ জেলার ৪০ প্রশিক্ষণার্থীকে পেছনে ফেলে সাফল্যের শীর্ষে নওগাঁর সানোয়ার হোসেন
মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশা উপজেলার সানোয়ার হোসেন বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, গাজীপুরে অনুষ্ঠিত ওয়েল্ডিং ৬জি কোর্সে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। নির্ধারিত ৮০ দিনের প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা (ভাইভা), ব্যবহারিক পরীক্ষা ও শৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি পোরশা উপজেলা ও নওগাঁ জেলার সুনাম বৃদ্ধি করেছেন।
জানা গেছে, ১৩টি জেলার মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নেন। তাঁদের পেছনে ফেলে সানোয়ার হোসেন বিভিন্ন মূল্যায়নে শীর্ষস্থানীয় সাফল্য অর্জন করেন। প্রশিক্ষণ চলাকালে তাঁর অধ্যবসায়, নিষ্ঠা, কারিগরি দক্ষতা ও শৃঙ্খলাবোধ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।
ওয়েল্ডিং ৬জি একটি দক্ষতাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, যা শিল্পকারখানা ও বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জন ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে।
সানোয়ার হোসেনের এই অর্জনে পোরশা উপজেলার মানুষের মধ্যে গর্ব ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর সাফল্য এলাকার তরুণদের কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
পোরশার সানোয়ার হোসেনের এই সাফল্য নওগাঁ জেলার জন্য গর্বের বিষয়। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
মতামত