মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ আর উৎসবমুখর পরিবেশ। তবে এ কোনো সাধারণ ফুটবল ম্যাচ নয়, মাঠে নেমেছেন বয়স্ক ব্যক্তিরা। প্রবীণদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুর এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় শ্রীমন্তপুরে মরহুম চান মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, চান মিয়া ফুটবল গ্রাউন্ড’-এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের উদ্যোগে আয়োজিত এ খেলায় লাল দল ও হলুদ দল অংশ নেয়। প্রবীণ খেলোয়াড়দের এই ব্যতিক্রমী লড়াই স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দের সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজামান মঞ্জিল, প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১ নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা কামরুল ইসলাম মাহাদী, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং আব্দুর জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীমন্তপুর বড় বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল আউয়াল। পুরো খেলায় ধারাভাষ্য দেন আবদুল আজিজ।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। প্রবীণ খেলোয়াড়দের মাঠে দৌড়ঝাঁপ, বল নিয়ন্ত্রণ ও গোলের প্রচেষ্টা উপভোগ করেন উপস্থিত দর্শকেরা। শেষ পর্যন্ত মির্জালির করা একমাত্র গোলে হলুদ দল ১-০ ব্যবধানে লাল দলকে পরাজিত করে। জয়ের পর হলুদ দলের খেলোয়াড়েরা বিজয় ট্রফি নিজেদের করে নেন।
খেলার আয়োজক ও রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বলেন, তাঁর বড় ভাই মরহুম চান মিয়ার নামে এই ফুটবল গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই তাঁর এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তিনি আরও জানান, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন, শারীরিক চর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিবছর এ ধরনের ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান সময়ে মাদকাসক্তি যুবসমাজের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রবীণদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি তরুণদের জন্যও একটি ইতিবাচক বার্তা বহন করেছে।
তাঁদের মতে, মাঠকেন্দ্রিক খেলাধুলা ও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা বাড়ানো গেলে তরুণদের অবসর সময়কে গঠনমূলক কাজে কাজে লাগানো সম্ভব হবে। একই সঙ্গে এলাকার বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।
চান মিয়া ফুটবল গ্রাউন্ডের উদ্বোধনকে কেন্দ্র করে শ্রীমন্তপুর ও আশপাশের এলাকায় যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, তা স্থানীয় মানুষের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই মাঠ ভবিষ্যতে খেলাধুলার বিকাশ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত যুবসমাজ গড়ার কার্যকর কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
খেলাধুলায় গড়ি সুস্থ জীবন, মাদকমুক্ত সমাজ হোক আমাদের অঙ্গীকার।
মতামত