নওগাঁর বদলগাছী ও মহাদেবপুরে শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছেন টিকটকার মাসুদ রানা। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, প্রথম স্ত্রী থাকা অবস্থায় নিজের শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করার পর মাসুদ রানাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতির কারণে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন তিনি।
গত সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রামে শ্বশুরবাড়িতে যান মাসুদ রানা। পরে রাতের দিকে সেখানে স্থানীয় কয়েকজন তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে।
মাসুদ রানার দাবি, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেছেন। তবে এ বিয়েকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁকে ঘিরে আলোচনা-সমালোচনা আরও বাড়ে।
ঘটনাটি নিয়ে বদলগাছী ও মহাদেবপুর এলাকায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পারিবারিক বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতি স্থানীয়ভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলেও জানান তিনি।
মতামত