কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা পেয়েছেন হাজী আব্দুর রশিদ। এ সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী ১৬ জন বিএনপি নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে আলোচনার মাধ্যমে চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদের কাছে জমা দেওয়া হয়।
প্রার্থীদের জনপ্রিয়তা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও যোগ্যতা বিবেচনায় ড. রেদোয়ান আহমেদ হাজী আব্দুর রশিদকে এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
এ খবর ছড়িয়ে পড়ার পর মাইজখারের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ অক্টোবর) ভোমরকান্দি বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হাজী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাজী আব্দুর রশিদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে মাইজখারের উন্নয়ন ও জনকল্যাণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
মতামত