কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের ঘটনায় মোহাম্মদ আরকান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে চাকমারকুল ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্যাম্পের সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রনি আলম নূর।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ক্যাম্পের এ/০৪ ব্লকের একটি বসতঘরের সামনে জান্নাতারা (২৭) নামে এক নারীকে উদ্দেশ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে মোহাম্মদ আরকানের বিরুদ্ধে। তিনি ওই ব্লকের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয় রোহিঙ্গারা আরকানকে আটক করে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে সংশ্লিষ্ট ব্লকের মাঝির জিম্মায় দেওয়া হয়।
পরবর্তীতে সোমবার মোবাইল কোর্টে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মোহাম্মদ আরকানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত