নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন শ্রী বিষ্ণু চন্দ্র (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় রোববার (৪ অক্টোবর) পত্নীতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে, পত্নীতলা উপজেলার উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে।
এ সময় শ্রী বিষ্ণু চন্দ্র (২৮)-কে আটক করে উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১৩ পাতায় ১০টি করে মোট ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বিষ্ণু চন্দ্র নওগাঁর মহাদেবপুর উপজেলার আলী দেওনা পূর্বপাড়া গ্রামের সুপথ বর্মনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত বিষ্ণু চন্দ্রসহ অজ্ঞাত আরও দুই ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।
মতামত