বদলগাছীতে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামে অভিযান চালিয়ে আজিজুর রহমান (মেদা) নামে এক ব্যক্তিকে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল বড়িসহ আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর রহমান (মেদা) এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের নজরদারিতে ছিলেন। পরে তার কাছে নিষিদ্ধ মাদকদ্রব্য রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্র আরও জানায়, মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা, ইউপি সদস্য, বিএনপি নেতা খাইরুল ইসলাম এবং গ্রাম পুলিশ (চৌকিদার) সম্মিলিতভাবে তাকে আটক করেন। পরে আটক ব্যক্তিকে উদ্ধার করা ট্যাপেন্টাডল বড়িসহ বদলগাছী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদক বিস্তার রোধে এ ধরনের অভিযান ও সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে বদলগাছী থানা পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
মতামত