নওগাঁয় ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁ জেলার সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা, দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সমস্যা, জনসাধারণকে সেবা প্রদান, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং যানজট নিরসনসহ ট্রাফিক বিভাগের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা, কর্মঅভিজ্ঞতা ও মতামত মনোযোগসহকারে শোনেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পুলিশ সুপার বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের সদস্যদের আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে জনবান্ধব আচরণ নিশ্চিত করে ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি নওগাঁ শহরসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
মতামত