সাপাহার মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর সাপাহার মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় কাটিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার সকালে বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের নানা কথা শোনেন এবং পুলিশ সম্পর্কে তাদের ভাবনা ও প্রত্যাশা জানতে চান।
এ সময় পুলিশ সুপার শিশুদের উদ্দেশে জানতে চান—‘তোমরা কেমন পুলিশ চাও? তোমরা কি পুলিশকে ভয় পাও?’ জবাবে শিশুরা জানায়, তারা শিশুবান্ধব পুলিশ চায়। শিশুরা যেন কোনো প্রয়োজনে ভয় না পেয়ে পুলিশের কাছে যেতে পারে এবং নিজেদের সমস্যা ও অভিযোগ সহজে জানাতে পারে এমন প্রত্যাশার কথাও তারা তুলে ধরে।
আলাপচারিতায় এক শিশু জানায়, সে তার মায়ের কাছ থেকে শুনেছে, অনেক সময় বড়দের সঙ্গে কোনো বিষয়ে না পেরে শিশুদের ওপর নির্যাতন করা হয়। এ ধরনের ঘটনা বন্ধে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় শিশুটি।
এ সময় এক নারী শিক্ষার্থীও নারী ও শিশুদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানায়। শিশুদের সরল ও সাহসী কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিদ্যালয় পরিদর্শনের একপর্যায়ে এক শিক্ষার্থী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতা আবৃত্তি করে শোনায় পুলিশ সুপারকে। শিশুটির সাবলীল আবৃত্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
শিশুদের সঙ্গে এই ব্যতিক্রমী সময়ের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশ সুপার বলেন, সাপাহারের এই প্রাথমিক বিদ্যালয়ে এসে আজকের সকালটি তার জন্য ছিল অন্যরকম। শিশুদের সরল প্রশ্ন, প্রত্যাশা ও অনুভূতি তাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে।
তিনি বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। একদিন এই শিশুরাই জেগে উঠবে এবং তাদের হাত ধরেই বাংলাদেশ আলোয় আলোয় ভরে উঠবে। পুলিশকে দেখে শিশুরা যেন ভয় না পায়, বরং যেকোনো প্রয়োজনে তারা যেন পুলিশের কাছে আসতে পারে এমন একটি মানবিক ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলাই প্রত্যাশা।
পুলিশ সুপারের এমন উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। শিশুদের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে তাদের মধ্যে আস্থা ও নিরাপত্তার অনুভূতি তৈরি করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
মতামত