সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ
মোঃ মমিন আলী নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বিজিবির দাবি, কিংডিল সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মাদকদ্রব্য।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাপাহার উপজেলার পাতাড়ি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাতাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
মতামত