নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আব্দুল সোবাহান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মহাদেবপুর সীমানার বলিহার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সোবাহান নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল সোবাহান তার নাতিকে সঙ্গে নিয়ে সান্তাহারে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বলিহার ব্রিজ এলাকায় চলন্ত একটি সিএনজির সামনের অংশে বসে থাকা অবস্থায় হঠাৎ ছিটকে সড়কের ওপর পড়ে যান তিনি। এতে তার পা ও বুকে গুরুতর আঘাত লাগে।পরে এক ভ্যানচালক আহত আব্দুল সোবাহানকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যে তার মৃত্যু হলে ভ্যানচালক ভয়ে ফেরিঘাট এলাকায় লাশ রেখে চলে যান বলে জানা গেছে।এদিকে পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে লাশটি মান্দা থানায় রাখা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনাস্থল মহাদেবপুর থানা এলাকায় হওয়ায় সেখানে মামলা রুজুর প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত