বেসরকারি গণগ্রন্থাগারগুলোর ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, পাঠকসেবার মানোন্নয়ন এবং আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কিশোরগঞ্জে দিনব্যাপী গ্রন্থাগারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির আয়োজনে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশিক্ষণ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে সুফিয়া-মান্নান ফাউন্ডেশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা বেগম, কথাসাহিত্যিক ও পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র। কর্মশালার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইয়াসমীন আহমেদ, সাবেক অধ্যক্ষ, ইডেন মহিলা কলেজ, ঢাকা এবং মু. আ. লতিফ, সিনিয়র সাংবাদিক ও আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য লেখক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমীন, সভাপতি, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি।
স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, চেয়ারম্যান, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫৫টি বেসরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক, কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে প্রশিক্ষণ কার্যক্রম।
প্রশিক্ষণে আধুনিক গ্রন্থাগার প্রশাসন ও ব্যবস্থাপনা, পাঠকসেবা উন্নয়ন, বই সংগ্রহ ও সংরক্ষণ, ক্যাটালগিং ও শ্রেণিবিন্যাস, কার্যক্রম পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, ক্যাশ বুক ও ভাউচার ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, অডিট ও জবাবদিহিতা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় জাতীয় গ্রন্থকেন্দ্রের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে বেসরকারি গ্রন্থাগারগুলোর বর্তমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পাঠকসংখ্যা বৃদ্ধি, পাঠাভ্যাস সৃষ্টি এবং গ্রন্থাগারগুলোকে আরও আধুনিক, সুশৃঙ্খল, পাঠকবান্ধব ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণে অংশ নেওয়া গ্রন্থাগারিক ও প্রতিনিধিরা দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করার পাশাপাশি পাঠকসেবা ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণে বাস্তবভিত্তিক নানা ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, কিশোরগঞ্জের বেসরকারি গ্রন্থাগারগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং গ্রন্থাগার ব্যবস্থাপনায় পেশাদারিত্ব প্রতিষ্ঠায় এ প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
আয়োজক: কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি
প্রশিক্ষণ সহযোগিতায়: জাতীয় গ্রন্থকেন্দ্র
বাস্তবায়ন সহযোগী: সুফিয়া-মান্নান ফাউন্ডেশন
মতামত