লালমনিরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ওপর স"ন্ত্রাসী হা*মলা,আটক ১জন।
লালমনিরহাট সদর উপজেলার বড়ুয়া এলাকায় সিনিয়র সাংবাদিক ও লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অনিমেশ বর্মন (২৮) নামে এক যুবককে আটক করে থানায় নিয়েছে। আহত গোকুল রায় বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বড়ুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহত সাংবাদিকের ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে একই দিন বিকেলে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোকুল রায়ের পরিবারের সঙ্গে প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে বলে জানিয়েছেন গোকুল রায়। তাঁর অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে।অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার দুপুরে গোকুল রায় বাড়িতে একা থাকার সময় যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মনসহ কয়েকজন সেখানে গিয়ে তাঁর ওপর হামলা করেন। এ সময় লাঠি ও লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আশপাশের লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।হাসপাতালে চিকিৎসাধীন গোকুল রায় বলেন, সদর উপজেলার বড়ুয়া এলাকায় তাঁর মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে প্রতিবেশীরা ভোগদখল করে আসছেন। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। তাঁর দাবি, ওই বিরোধের জেরেই মঙ্গলবার তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ ওঠার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন এবং তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত