আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।“মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাই, নওগাঁর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিক ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “একটি শিক্ষিত ও আলোকময় সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শতভাগ সাক্ষরতা অর্জন ছাড়া মানবসম্পদ উন্নয়ন ও দেশের সার্বিক সমৃদ্ধি সম্ভব নয়। কেবল অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়, বরং প্রযুক্তিগত ও জীবনমুখী শিক্ষার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, মানুষ, পৃথিবী ও সমাজের কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জনে সবাইকে একযোগে নিরক্ষরতা দূরীকরণে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সাংবাদিক কামাল উদ্দিন টগরসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. কে এম আইয়ুব আলী, এসআই মো. সেলিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, নিরক্ষরতা দূরীকরণ শুধু সরকারের একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব।
মতামত