বিজিবির শীলখালী চেকপোস্টে তল্লাশি, টেকনাফগামী যাত্রী আটক
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাসে অভিযান চালিয়ে ৭২ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোছন (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাস উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে নিয়মিত তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে এক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৭২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
পরে ওই যাত্রীকে আটক করা হয়।
আটক দেলোয়ার হোছন টেকনাফ উপজেলার ছোট হাবির পাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে। তার মায়ের নাম রহিমা খাতুন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবির কাছে স্বীকার করেন, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন।
পরে মিনিবাসটির বিভিন্ন অংশে আরও ব্যাপকভাবে তল্লাশি চালানো হলেও বিয়ার ছাড়া অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত