কক্সবাজার উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে ৬৪ বিজিবি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি।
বিজিবি জানায়, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে আধিপত্য টহল পরিচালনার সময় পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবনিয়া ডাম্পার রোডের রুবেলের কাঠি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে সন্দেহ করে।
টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা রুবেলের ঘেরের পানিতে ইয়াবা পুঁতে রেখে দ্রুত মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করে জোনায়েত (১৮) ও মিজানুর রহমান (১৮)-কে আটক করেন।
পরে আটক ব্যক্তিদের নিয়ে রুবেলের ঘেরের পানিতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ২ কার্টনে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানায় বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত