খুলনায় বখাটে ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে জননিরাপত্তা হুমকির মুখে
স্টাফ রিপোর্টার: তানিন পিয়াস চৌধুরী:- একসময় শান্ত ও শান্তির নগরী হিসেবে পরিচিত শিল্পনগরী খুলনা বর্তমানে বখাটে ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া আড্ডা ও উৎপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, গুরুত্বপূর্ণ মোড়, খেলার মাঠ ও পার্কসহ উন্মুক্ত স্থানগুলোতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাদের অবাধ বিচরণ এখন অনেকটা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে দলবেঁধে আড্ডা, ইভটিজিং, উচ্চশব্দে মোটরসাইকেল চালিয়ে মহড়া এবং মাদক সেবনসহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে প্রায়ই তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটছে। কখনো কখনো এসব বিরোধ রূপ নিচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষে।
এতে সাধারণ পথচারীদের পাশাপাশি নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের উৎপাতের কারণে ছাত্রীদের চলাচলে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নগরবাসীর দাবি, কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান, নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা জোরদার করা জরুরি। পাশাপাশি অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে কিশোরদের বিপথগামী হওয়ার কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
খুলনা থেকে তানিন পিয়াস চৌধুরী স্টাফ রিপোর্টার দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
মতামত