হ্নীলায় বিজিবির বিশেষ অভিযানে ৪ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
আজ সোমবার (২৪ আগস্ট) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান নেয়।
আনুমানিক রাত ১টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা মিয়ানমার সীমান্তের দিক থেকে মাথায় বস্তা বহন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান।
এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ৪০টি কাট থেকে মোট ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় ধরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত