চাঁদপুরে বেলভিউ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর : চাঁদপুরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অপারেশন পরিচালনা, প্রয়োজনীয় ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স ছাড়া চিকিৎসা সেবা প্রদান এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অপরাধে বেলভিউ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগেও অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে হাসপাতালটির অপারেশন রুম বন্ধ রাখার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে সেখানে নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম চালিয়ে আসছিল। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জীবন নিয়ে এক প্রকার ছিনিমিনি খেলার মতো গুরুতর অভিযোগও উঠেছে। রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবায় প্রয়োজন অনুযায়ী কোনো যোগ্যতাসম্পন্ন বা ডিগ্রিধারী চিকিৎসক ও নার্স উপস্থিত পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালের ভেতরের সামগ্রিক পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর, যা সাধারণ রোগীদের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছিল।
অবস্থা বেগতিক দেখে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং নগদ তা আদায় করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের টিমে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলসহ প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।
অভিযানের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা জানান, "সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কোনো ক্লিনিক বা হাসপাতাল যদি আইন ও সরকারি নির্দেশ অমান্য করে রোগীদের জীবন নিয়ে প্রহসন চালায়, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ও আইনি পদক্ষেপ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
মতামত