মদনে এসএসসিতে সাফল্যের শীর্ষে ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। ৭৯.৪৪ শতাংশ পাসের হার, টানা তৃতীয়বার উপজেলা পর্যায়ে প্রথম
মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের শীর্ষে রয়েছে ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টির ৭৯ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে।
এ নিয়ে টানা তৃতীয়বার মদন উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম হওয়ার গৌরব অর্জন করল ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান। ধারাবাহিক এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগেও টানা দুই বছর উপজেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছিল ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। এবারের ফলাফলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠা, শিক্ষার্থী ৭২২
শিক্ষাবিদ মরহুম সৈয়দ আলী চৌধুরীর উদ্যোগে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়। দীর্ঘ ৫৮ বছর ধরে মদন উপজেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিদ্যালয়টিতে ৭২২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্ব দিয়ে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশের কারণে ফলাফলে এ ধারাবাহিকতা তৈরি হয়েছে।
‘ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে চাই’
উপজেলা পর্যায়ে প্রথম হওয়ার প্রতিক্রিয়ায় ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যাশা করছি।”
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করার পাশাপাশি নিয়মিত পাঠদান ও শিক্ষকদের নিবিড় তদারকির মাধ্যমে ফলাফলের এ ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার মান ভালো: মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল বারী বলেন, “ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ভালো। এবার ৭৯ দশমিক ৪৪ শতাংশ পাসের হার নিয়ে বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে।”
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ধারাবাহিক ভালো ফলাফল শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। মদনে টানা তিনবার উপজেলা পর্যায়ে প্রথম হয়ে ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
মতামত