নিরাপদ সড়কের দাবিতে নিসচার ১১তম মহাসমাবেশ সেরা উপজেলা সভাপতির সম্মাননা পেলেন কিশোরগঞ্জের মোবারক হোসেন সুমন
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীর ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ। ‘নিরাপদ সড়ক চাই, We Demand Safe Road’ প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হাবিবুর রশিদ। এছাড়া নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রদূত ও নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং চালক-পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
কিশোরগঞ্জের মোবারক হোসেন সুমন পেলেন সেরা উপজেলা সভাপতির পুরস্কার
মহাসমাবেশের অন্যতম আকর্ষণ ছিল কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচার সভাপতি মোবারক হোসেন সুমনকে ‘সেরা উপজেলা সভাপতি’ হিসেবে সম্মাননা প্রদান। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়তা, নেতৃত্বের দক্ষতা, জনসচেতনতা তৈরিতে ভূমিকা এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার প্রচারে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর উপজেলায় নিসচার কার্যক্রমকে গতিশীল রাখতে কাজ করে আসছেন মোবারক হোসেন সুমন। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা রয়েছে।
পুরস্কার গ্রহণের পর মোবারক হোসেন সুমন বলেন, “এই সম্মাননা শুধু আমার একার অর্জন নয়, এটি কিশোরগঞ্জ সদর উপজেলা নিসচার সব নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সমাবেশে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এর পাশাপাশি চালক, পথচারীসহ সর্বস্তরের মানুষের আচরণগত পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
সমাবেশ শেষে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন নিসচার নেতাকর্মীরা।
মতামত