পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে: ভূরুঙ্গামারীতে মানববন্ধন
ফাতেমা আক্তার লিজা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে” প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গসোনাহাট ইউনিয়নবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মাদকের আগ্রাসন রোধে শপথবাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গসোনাহাট ইউনিয়নে সহজেই মাদক পাওয়া যায়। মাদকের বিস্তার কিশোর, তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকাসক্তরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ফলে পরিবার, সমাজ ও ইউনিয়নে অশান্তি ও বিশৃঙ্খলা বাড়ছে। বক্তারা মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু এবং সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এতে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।
মতামত