সোনারগাঁয়ের জামপুরে মুন্দিরপুর সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন করলেন আল মুজাহিদ মল্লিক।
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় সড়ক উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইলিয়াস মিয়া এলি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা।অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুন্দিরপুর এলাকার এই সড়কটির উন্নয়নের দাবি ছিল স্থানীয় মানুষের। রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। উন্নয়নমূলক কর্মকাণ্ডের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।
মতামত