গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: টিএমএসএস কর্মী কারাগারে।
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কিস্তি আদায়ের সুবাদে পরিচয়ের পর এক স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে টিএমএসএসের এক কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নোদাপুর গ্রামের এক স্বামী পরিত্যক্তা নারীর ভাইয়ের বাড়িতে গত বছরের ডিসেম্বর মাসে টিএমএসএসের কিস্তি সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত মো. সামিউল ইসলাম (২৭)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর অভিযুক্ত তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে প্রলোভন দেখাতে থাকেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর ভাই ও ভাবী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত তার ভাইয়ের বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। সামাজিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগী বিষয়টি প্রথমে গোপন রাখেন। পরে শারীরিক অসুস্থতা দেখা দিলে চিকিৎসা পরীক্ষায় তিনি প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত মো. সামিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনই গ্রামের বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ পৌর এলাকার চকগোবিন্দে অবস্থিত টিএমএসএস শাখায় কর্মরত ছিলেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৯) দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, মামলার অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। আদালতের রায়ে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।
মতামত