কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনসেবার মানোন্নয়নে পুলিশ সুপারের দিকনির্দেশনা
মোঃজোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার:- পুলিশ বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের মান আরও উন্নত করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি প্যারেডে অংশ নেওয়া বিভিন্ন কন্টিনজেন্টের শৃঙ্খলা, কুচকাওয়াজের মান, পোশাক-পরিচ্ছদ, উপস্থিতি এবং সামগ্রিক প্রস্তুতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. সজীব মিয়া।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে বলেন, একটি দক্ষ, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যই বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বহন করেন। তাই দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত আচরণ, পোশাক-পরিচ্ছদ এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে ড্রেস রুলস কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান, বুট, বেল্ট, ক্যাপসহ ইউনিফর্মের প্রতিটি অংশ সঠিকভাবে ব্যবহার এবং সর্বদা স্মার্ট ও সুশৃঙ্খল থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি নিয়মিত পিটি (ফিজিক্যাল ট্রেনিং), মাস্টার প্যারেড, ড্রিল এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম পুলিশ সদস্যই জনগণকে দ্রুত, দক্ষ ও কার্যকর সেবা দিতে সক্ষম। একই সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, ব্যারাক ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ লাইন্সের পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি পুলিশ সদস্যকে মানবিক আচরণ, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি সেবাপ্রার্থীদের সঙ্গে ভদ্র ও সহানুভূতিশীল আচরণ করার পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করার নির্দেশ দেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনা, ব্যারাক, মেস, অস্ত্রাগার, প্রশাসনিক ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা এবং সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, নিয়মিত মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, কর্মদক্ষতা, শারীরিক সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি এবং পেশাগত মান আরও সুদৃঢ় হয়। পাশাপাশি বাহিনীর সদস্যদের মধ্যে দায়িত্ববোধ, ঐক্য, সমন্বয় ও কর্মস্পৃহা বৃদ্ধি পায়, যা আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণকে আরও উন্নত পুলিশি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মতামত