দিনাজপুরের বিরলে সাদিক রিয়াজ চৌধুরী এমপির সার্বিক তত্ত্বাবধানে-নির্মিত হতে যাচ্ছে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)
================================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরল উপজেলায় দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে তৃণমূল বা উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করার অংশ হিসেবে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর অধীনে চলমান ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায়, বিরল উপজেলায় এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করা হবে। এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় বর্তমানে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নেই। এই অঞ্চলের তরুণ ও যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক শ্রম বাজারের উপযোগী করে তুলতে বিরলে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেগা এই প্রকল্পটির শুরু থেকে সার্বিক তত্ত্বাবধান ও বিশেষ নির্দেশনা দিয়ে যাচ্ছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় বিরল ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি শিক্ষার প্রসারে এই কেন্দ্রটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল। প্রকল্পটি চালু হলে কম্পিউটার, অটোমোটিভ, গার্মেন্টস, ড্রাইভিং ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি বিষয়ে স্থানীয় তরুণ-তরুণীরা সম্পূর্ণ সরকারি খরচে আধুনিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন দেশের অভ্যন্তরে দক্ষ জনবলের চাহিদা পূরণ হবে, অন্যদিকে বিদেশেও উচ্চ বেতনে সম্মান জনক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে।
মতামত