সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে লালমাইয়ে যুবদলের একাংশের সংবাদ সম্মেলন
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার লালমাই উপজেলায় সরকারি বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী যুবদলের একাংশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে অবস্থিত লালমাই উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে যুবদল নেতা মো. ফারুক হোসেন বলেন, "গত দুইদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ত্রাণের চাল বিতরণের একটি তালিকা (শিট) আমার নজরে আসে। অত্যন্ত দুঃখের বিষয়, ওই তালিকায় আমার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এই বিষয়ে আমি বিন্দুমাত্র অবগত নই। কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকায় আমার নাম দিয়েছে, তা আমার জানা নেই। আমি কোনো ত্রাণের চাল পাইনি।
তিনি আরও বলেন, এই চাল এসেছে মূলত হতদরিদ্র মানুষের জন্য। আল্লাহর রহমতে আমি নিজেই অন্যকে সাহায্য-সহযোগিতা করে থাকি, তাই এই চাল আমি কেন নেব? এই জালিয়াতির বিরুদ্ধে আজ লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে যুবদল নেতারা অভিযোগ করেন, এলাকার দরিদ্র ও দুস্থ মানুষের জন্য সরকার যে ত্রাণের চাল বরাদ্দ দিয়েছে, তা প্রকৃত ভুক্তভোগীদের না দিয়ে নানা অনিয়মের মাধ্যমে বণ্টন করা হচ্ছে। দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির কারণে বহু অসহায় পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে এই অনিয়ম ও জালিয়াতি বন্ধ করে প্রকৃত গরিবদের মাঝে ত্রাণ বিতরণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লালমাই উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত