বাংলাদেশ যুব অধিকার পরিষদে পদত্যাগের হিড়িক, ঢাকা মহানগর দক্ষিণের একাধিক নেতার পদত্যাগ
হামিম রানা নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ ও এর আওতাধীন বিভিন্ন থানা শাখার অন্তত আটজন গুরুত্বপূর্ণ নেতা নিজ নিজ সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন। তারা পৃথক পদত্যাগপত্রের মাধ্যমে পদত্যাগের পাশাপাশি সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগকারী নেতারা হলেন— মুগদা থানা শাখার সভাপতি মোঃ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আলম (অপু), ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সজল,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ সুমন মিয়া, সহ-সাংগঠনিক মোঃ নিবিড় হোসেন নাসির, শ্যামপুর থানা শাখার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম অন্তু এবং সাধারণ সম্পাদক মোঃ আলী আজগর।
বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো পৃথক পদত্যাগপত্রে নেতারা উল্লেখ করেন, সংগঠনের বর্তমান সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং দায়িত্বশীল নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তাদের ব্যক্তিগত মতাদর্শ ও নীতিগত অবস্থানের মিল না থাকায় তারা দায়িত্ব পালন অব্যাহত রাখা সমীচীন মনে করছেন না।
পদত্যাগপত্রে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ন রেখে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাদের পদত্যাগপত্র গ্রহণ করে সকল সাংগঠনিক দায়িত্ব ও বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একযোগে একাধিক নেতার পদত্যাগে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ ও অধীনস্থ থানা শাখাগুলোতে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কিংবা ঢাকা মহানগর দক্ষিণ শাখার দায়িত্বশীল নেতাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত