উখিয়ায় ৬ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।
৮ এপিবিএন মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটে পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্ট-৯.১ এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে কর্তব্যরত পুলিশ সদস্যরা এক সন্দেহভাজন রোহিঙ্গাকে তল্লাশির জন্য থামার নির্দেশ দেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে দায়িত্বরত সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তির পরিচয় জোনায়েদ (২৩) বলে জানা গেছে। তিনি শাহামিয়ার ছেলে। তার এফসিএন নম্বর-১১০৫৪৪। তিনি উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্প-১০-এর জি/১৭ ব্লকের বাসিন্দা।
পরে স্থানীয় দোকানদার ও পথচারীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো একটি সাদা শপিং ব্যাগ থেকে ৩০টি নীল জিপারযুক্ত পলিব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি পলিব্যাগে ২০০টি করে মোট ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
৮ এপিবিএন জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত