বালিয়াকান্দিতে মহাশ্মশানে রেইনট্রি গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি:- রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মহাশ্মশানের একটি রেইনট্রি গাছ থেকে আকাশ বাড়ৈ (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সাংসারিক দারিদ্র্যতার কারণে মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। নিহত আকাশ বাড়ৈ উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের বিষ্ণুপদ বাড়ৈ ও মায়া রানী দম্পতির ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন (২০২৬) তারিখ আকাশ বাড়ৈ তার স্ত্রীকে জঙ্গল ইউনিয়নের সমাধিনগর মহাশ্মশানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, ২৫ জুন রাত ৮:০০ টা থেকে ২৬ জুন ভোর ৬:০০ টার মধ্যে যেকোনো সময় সমাধিনগর মহাশ্মশান প্রাঙ্গণের পশ্চিম পাশে একটি রেইনট্রি গাছের ডালের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
আজ ২৬ জুন (২০২৬) ভোরবেলা স্থানীয় লোকজন মহাশ্মশানে গিয়ে রেইনট্রি গাছের আনুমানিক ১০-১৫ ফুট ওপরে এক ব্যক্তির লাশ ঝুলতে দেখেন। পরে বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বালিয়াকান্দি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আকবর আলী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত