উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১; পালাল আরও ৪ জন
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হলেও তার আরও চার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বালুখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মাদক পাচারের একটি চালান জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও চারজন অভিযানের সময় পালিয়ে যায়।
পলাতকরা হলেন— মরিচ্যা এলাকার হোসেন আলী (পিতা: মোজাফফর হোসেন), তার ছেলে মো. তারেক হোসেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়াপালং এলাকার কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ (পিতা: মৃত মির আহমদ) এবং উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার মনজুর খলিবা (পিতা: আলী)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা, আটক আসামি এবং পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির দাবি, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
মতামত