গোপালগঞ্জে সরকারি অফিসে সংসার, প্রশ্নের মুখে বিটিসিএলের সম্পদ ব্যবস্থাপনা
মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:- গোপালগঞ্জে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর একটি টেলিগ্রাম অফিস দীর্ঘদিন ধরে এক কর্মকর্তার ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি ওই ভবনে প্রায় এক যুগ ধরে সপরিবারে বসবাস করছেন বিটিসিএলের এক কর্মকর্তা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের টেলিগ্রাম অফিস হিসেবে পরিচিত ভবনটির মূল ফটকে থাকা পরিচিতিমূলক লেখাগুলো প্রায় মুছে গেছে। সাইনবোর্ডটিও ঝুলে আছে অবহেলিত অবস্থায়। অফিস কক্ষের ভেতরে সরকারি দপ্তরের পরিবেশের পরিবর্তে দেখা যায় খাট, আলমারি, টেলিভিশন, রান্নার সরঞ্জামসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক (ইন্টারনাল) (অতিরিক্ত দায়িত্ব) এস এম তৈয়াবুর রহমান প্রায় ১০ থেকে ১২ বছর ধরে পরিবার নিয়ে ওই ভবনে বসবাস করছেন। তাঁদের দাবি, সরকারি বিদ্যুৎ ও পানি ব্যবহার করেই সেখানে আবাসিক কার্যক্রম চলছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “সরকারি একটি অফিস কীভাবে একজন কর্মচারীর ব্যক্তিগত বাসভবনে পরিণত হয়, সেটি আমাদের বোধগম্য নয়। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক (ওএসপি) আব্দুর রহমান বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন।”পরে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অপূর্ব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি সম্পর্কে জানেন না বলে জানান। তিনি বলেন, “এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন।”
অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মামুনুর রশিদ মুন বলেন, “আমি বর্তমানে রাজবাড়ীতে আছি। গোপালগঞ্জের অফিস আগে ডিজিএম অফিস ছিল, পরে ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। তৈয়াবুর রহমানের বিষয়ে আমার জানা নেই।”
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এস এম তৈয়াবুর রহমান বলেন, “সেখানে থাকার অনুমতি আমার আছে।” অনুমতির কোনো নথি আছে কি না জানতে চাইলে তিনি তা দেখাতে রাজি হননি।
স্থানীয় সচেতন নাগরিকেরা বলছেন, সরকারি ভবন ব্যক্তিগত আবাসন হিসেবে ব্যবহারের বিষয়টি সত্য হলে তা রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলে। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিটিসিএলের সংশ্লিষ্ট সূত্র বলছে, ভবনটির বর্তমান ব্যবহার ও আইনি অবস্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি অফিস যদি বছরের পর বছর আবাসিক কাজে ব্যবহৃত হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায় ছিল?
মতামত