উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস ইয়াবা, ৯ বস্তা সার উদ্ধার এবং দুইজন আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে পালংখালীর বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন আসামিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়।
একই সময়ে পরিচালিত অপর একটি অভিযানে পালংখালী উচ্চ বিদ্যালয়ের নিকট থেকে আরও একজন আসামিকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তে সন্ত্রাস দমনে সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তথ্যভিত্তিক অভিযান পরিচালনায় তারা বদ্ধপরিকর। একই সঙ্গে উখিয়া ও টেকনাফ সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
মতামত